স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬ বছরের এক শিশু সন্তানকে ধর্ষণের অভিযোগে মো. রাকিবুল ইসলাম (২৩) নামের এক এনজিওর মাঠকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) সাড়ে ১১ টার সময় ভোলাহাট উপজেলার রাধানগর কলোনী এলাকায় এই ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত রাকিবুল ইসলাম পিরোজপুর সদর উপজেলার কালিটাটি বটতলা (পশ্চিম ডুবুরি তলা) গ্রামের মো. দেলোয়ার তালুকদারের ছেলে। তিনি উপজেলা পরিষদ সংলগ্ন ভোলাহাটে (রিক) নামক একটি এনজিও সংস্থায় মাঠকর্মী হিসেবে কর্মরত আছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে রাধানগর কলোনী এলাকার বাসিন্দা ৬ বছরের শিশুকন্যা নিজ বাড়িতে একা ছিল। এ সময় কিস্তির টাকা তোলার উদ্দেশ্যে এনজিও কর্মী রাকিবুল ইসলাম তাদের বাড়িতে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত রাকিবুল শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনার পরপরই ভিকটিমকে উদ্ধার করা হয় এবং অভিযান চালিয়ে অভিযুক্ত আসামি রাকিবুল ইসলামকে অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক পুলিশের একটি দল নিয়ে রিক অফিস থেকে গ্রেপ্তার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক জানান, খবর পাওয়ার পরপরই অভিযান চালিয়ে ভিকটিম শিশুটিকে উদ্ধার এবং অভিযুক্ত এনজিওকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
