সাইফুল্লাহ বারী হত্যার বিচারের দাবিতে গোমস্তাপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

জেলা সংবাদ গোমস্তাপুর উপজেলা রাজনীতি

স্টাফ রিপোর্টার: গাইবান্ধায় ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখা।

সোমবার (২৯ জুন) বিকেল ৫টায় রহনপুর ইউসুফ আলী কলেজ গেট থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি রহনপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রহনপুর রেলস্টেশনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জেলা পূর্ব শাখা সেক্রেটারি মো. নাইউব আলী খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মো. আব্দুল্লাহ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মো. শহিদুল ইসলাম সোহেল।

সমাবেশে বক্তারা বলেন, গত ২১ জুন গাইবান্ধায় ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি মো. সাইফুল্লাহ বারী নিহত হন। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় ছাত্রশিবিরের চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *