স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় জ্বালানি তেল পাচারের ঘটনায় মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের দুইজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১ টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের পরিচালক আব্দুল লতিফের ছোটভাই সাখাওয়াত হোসেন মজু (৪০) এবং পাম্পের ম্যানেজার হৃদয় (২৬)কে আটক করে ভোলাহাট থানা পুলিশ ।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভোলাহাট ফিলিং স্টেশন থেকে প্রায় চার কিলোমিটার দূরে একটি তেলবাহী গাড়ি ইটভাটার ভেতরে প্রবেশ করে। সেখানে ড্রামের মাধ্যমে তেল খালাস করে ট্রলিতে তুলে পাচারের প্রস্তুতি চলছিল। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে পাচারচক্রের সদস্যরা গাড়ি ফেলে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে তেলবাহী গাড়ি পাচারে ব্যবহৃত ট্রলি ও ভটভটিসহ মোট আটটি গাড়ি এবং ড্রাম জব্দ করে থানায় নিয়ে যায়। এদিকে অপরাধীদের গ্রেফতারের দাবিতে বেলা ১১ টার দিকে ভুক্তভোগী জনগণের আয়োজনে মেডিকেল মোড় চৌরাস্তায় মানববন্ধন করা হয়। তেলপাচারের সাথে জড়িত সকলকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের সময় বেঁধে দিয়ে দৃষ্টাত্মমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারিক জানান, মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের পরিচালক আব্দুল লতিফের ছোট ভাই সাখাওয়াত হোসেন মজু এবং পাম্পের ম্যানেজার হৃদয়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে তেল পাচারের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
