স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান জাতীয় সংসদে রহনপুর থেকে ঢাকাগামী একটি ইন্টারসিটি ট্রেন চালুর দাবি জানিয়েছেন।
তিনি বলেন, আমার নির্বাচনী এলাকা চাঁপাইনবাবগঞ্জ ২ তিনটি উপজেলা নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাটের সমন্বয়ে গঠিত। গোমস্তাপুর উপজেলার রহনপুর নির্বাচনী এলাকার হেডকোটার। বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সর্বশেষ রেল স্টেশন রহনপুরে অবস্থিত। এটি ব্রিটিশ আমল থেকেই বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত।
সংসদে বক্তব্যে তিনি উল্লেখ করেন, ভারতের পণ্যবাহী রেল এই পথ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং এ রুট থেকে সরকার প্রতি বছর হাজার হাজার কোটি টাকার রাজস্ব আয় করে। রহনপুর থেকে ঢাকায় সরাসরি কোনো ইন্টারসিটি ট্রেন না থাকায় স্থানীয় জনগণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
তিনি আরও বলেন, শিক্ষা, শ্রম ও ব্যবসায়িক প্রয়োজনে প্রতিদিন শত শত মানুষকে ঢাকায় যাতায়াত করতে হয়। কিন্তু সরাসরি ট্রেন না থাকায় তাদের সময় ও খরচ দুটোই বেশি হচ্ছে।
স্পিকারের মাধ্যমে রেলপথ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, রহনপুর থেকে ঢাকাগামী একটি ইন্টারসিটি ট্রেন চালু করা হলে চাঁপাইনবাবগঞ্জের তিনটি উপজেলা, নওগাঁ জেলার দুটি উপজেলা এবং শিবগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের মানুষ সরাসরি উপকৃত হবে।
