স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান নির্বাচনে বিজয়ের পর ভোলাহাটের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই তাকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করেছেন, যা ভোলাহাটের ৫৫ বছরের সকল রেকর্ড ভেঙেছে।
২৭ রমজান ( ১৭ মার্চ) ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। তিনি বলেন, ভোটারদের সাহসিকতা ও অকৃত্রিম ভালোবাসা তিনি আজীবন স্মরণে রাখবেন। এই ভালোবাসার কারণে ভোলাহাটের মানুষের প্রতি তার দায়বদ্ধতা আরও বেড়ে গেছে বলে উল্লেখ করেন তিনি।
সংসদ সদস্য বলেন, সততা, নিষ্ঠা ও আমানতদারিতার সঙ্গে দায়িত্ব পালন করতে চান তিনি। তবে এজন্য সৎ ও দায়িত্বশীল সহযোগীদের প্রয়োজন রয়েছে। উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সততার ওপর উন্নয়ন কার্যক্রমের সফলতা নির্ভর করবে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কয়েকজন প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়ে তাদের পক্ষে ভোট প্রার্থনা করেন তিনি। প্রার্থীরা হলেন ভোলাহাট উপজেলা চেয়ারম্যান পদে দুইবারের সাবেক ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. তৌহিদুর রহমান এবং দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. শামসুজ্জামান আলকেশ।
তিনি উপস্থিত জনগণের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন, যাতে তিনি জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেন।
