পাবনার পাইকারি হাটে এক কেজি পিঁয়াজের দাম ১৫ টাকা

কৃষি জাতীয় সারা দেশ

পাবনা থেকে আব্দুল্লাহ আল মামুন রাজন:পাবনা জেলার সাঁথিয়া উপজেলার সব চেয়ে পিঁয়াজের বড় হাট করমজা চতুর হাট। বাংলাদেশের অন্যতম বড় পেয়াজের পাইকারি হাট হিসেবে পরিচিত। এ হাটে চলতি মৌসুমে পিঁয়াজের দামে দেখা দিয়েছে ব্যাপক দরপতন। প্রতিদিন শত শত মণ পিঁয়াজ বেচাকেনা হলেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা।

৩ মার্চ সরজমিনে গেলে হাটে পিঁয়াজ বিক্রি করতে আসা কৃষকেরা অভিযোগকরে বলেন, প্রতি কেজি পিঁয়াজ উৎপাদনে খরচ পড়েছে ২৫–৩০ টাকা। কিন্তু বিক্রি করতে হচ্ছে ১৫–১৮ টাকায়। ফলে উৎপাদন খরচই উঠছে না। অনেকে এনজিও সংস্থাসহ মহজনি ঋণের বোঝা মাথায় নিয়ে পিঁয়াজ চাষ করেছেন । কিন্তু বর্তমান বাজারদরে পিঁয়াজ বিক্রি করে ঋণ পরিশোধ না করতে পারার হতাশায় পড়েছেন পিঁয়াজ চাষিরা। ঋণ পরিশোধ করবেন কিভাবে আর দুমুঠো ভাত পাবে কোথায়। পথে বসতে হবে পিঁয়াজ চাষিদের।

করমজা চতুর হাটে কৃষকেরা আরো বলেন, সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের মজুরি বৃদ্ধির কারণে এ বছর উৎপাদন খরচ ছিল তুলনামূলক বেশি। কিন্তু মৌসুমের শুরুতেই দাম কমে যাওয়ায় বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন তারা।

পাইকাররা বলছেন, বাজারে সরবরাহ বেশি থাকায় দাম কমে গেছে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে একসঙ্গে পিঁয়াজ উত্তোলন শুরু হওয়ায় বাজারে চাপ সৃষ্টি হয়েছে।

এ অবস্থায় কৃষকরা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের নজরদারি ও বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তারা মনে করছেন, ন্যায্যমূল্য নিশ্চিত না হলে ভবিষ্যতে অনেকেই পিঁয়াজ চাষে আগ্রহ হারিয়ে ফেলবেন কৃষকেরা।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, কৃষকের স্বার্থ রক্ষায় সংরক্ষণাগার (কোল্ড স্টোরেজ) সুবিধা বৃদ্ধি ও সরাসরি কৃষকের কাছ থেকে সরকারিভাবে ক্রয়ের ব্যবস্থা করা জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *