স্টাফ রিপোর্টার রাজশাহী-২ (সদর) আসন থেকে নির্বাচিত হয়ে ভূমি মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির বর্ষীয়ান নেতা মিজানুর রহমান মিনু। দীর্ঘদিন পর রাজশাহী থেকে পূর্ণাঙ্গ মন্ত্রী পাওয়ায় নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ খবরে সন্তোষ প্রকাশ করেছেন। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর রাজশাহীর বিভিন্ন পাড়া-মহল্লায় মিষ্টি বিতরণ করা হয়।
রাজশাহী সিটি করপোরেশন নিয়ে গঠিত রাজশাহী-২ আসন থেকে এর আগে ১৯৭৯ সালে জিয়াউর রহমানের মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হয়েছিলেন এমরান আলী সরকার। তিনি ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। দীর্ঘ বিরতির পর এ আসন থেকে দ্বিতীয়বারের মতো পূর্ণ মন্ত্রী হলেন মিজানুর রহমান মিনু।
বিএনপির এই নেতা এর আগে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মাত্র ৩২ বছর বয়সে তিনি রাজশাহী সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। টানা ১৭ বছর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। মেয়র থাকা অবস্থায় ২০০১ সালে তিনি রাজশাহী সদর আসন থেকে সংসদ সদস্যও নির্বাচিত হন।
মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর মিজানুর রহমান মিনু বলেন, মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পাশাপাশি রাজশাহীর উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাব। এখন আগের চেয়ে আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করার সুযোগ তৈরি হয়েছে।
রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের প্রিয় নেতা মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রী হয়েছেন। এতে আমরা সবাই আনন্দিত। তিনি এমন একজন মানুষ, যার কাছে যে কেউ সহজেই যেতে পারেন। মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সাধ্যমতো সমাধানের চেষ্টা করেন।
রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি বলেন, মিনু আধুনিক রাজশাহীর রূপকার। নিজের সন্তানের মতো করে তিনি এই শহরকে গড়ে তুলেছেন। দলের জন্য আজীবন কাজ করার মূল্যায়ন হয়েছে। এজন্য রাজশাহীবাসীর পক্ষ থেকে তারেক রহমানের প্রতি আমরা কৃতজ্ঞ।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, দীর্ঘদিন পর রাজশাহী পূর্ণাঙ্গ মন্ত্রী পেয়েছে। এতে আমরা অত্যন্ত খুশি। তিনি কৃষিভিত্তিক এই অঞ্চলকে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি।
