ব্যুরো প্রধান,গোমস্তাপুর:আকাশে-বাতাসে নতুন বছরের আনন্দবার্তা। জরাজীর্ণ সব মুছে দিয়ে নতুনের আহ্বানে গোমস্তাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ পহেলা বৈশাখ। এই উপলক্ষে মঙ্গলবার গোমস্তাপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বিশাল শোভাযাত্রা বের করা হয়। ঢাক-ঢোলের শব্দ আর বাঙালির ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে ছোট-বড় সব বয়সী মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি উৎসবের আমেজ ছড়িয়ে দেয়। শোভাযাত্রাটি রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বাঙালির ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতির গুরুত্ব তুলে ধরে তারা বলেন, পহেলা বৈশাখ আমাদের অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে এই উৎসব পালনের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যের জয়গান গেয়েছি। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও সমৃদ্ধি।উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি উম্মে সালমা রুমা, অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল হাসান তারেক,অফিসার ইনচার্জ গোমস্তাপুর নুরে আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তগণ। সভা শেষে এলাকায় আদিবাসী মহিলারা তাদের কৃষ্টি কালচার তুলে ধরে নৃত্য পরিবেশন করে। এছাড়া বিকেলে ডাক বাংলা চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ও চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য বাহি গম্ভীরা পরিবেশন করা হয়। অপরদিকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি ও সরকারি প্রতিষ্ঠান নিজ নিজ অবস্থানে দিবসটি সুশৃঙ্খল ভাবে আনন্দ ঘন পরিবেশে উদযাপন করা হয়েছে।
