স্টাফ রিপোর্টার,নাচোল:চাঁপাইনবাবগঞ্জ-২ আসন (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নাচোল উপজেলা বাজার হাটচাতালে নাচোল উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে পুরুষ ও নারীদের পর্দার আড়ালে অংশগ্রহণে এ জনসভা অনুষ্ঠিত হয়।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এ জনসভায় বক্তারা সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত ও কৃষিবান্ধব সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. মুহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, “‘চল একসাথে গড়ি বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে আমরা একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন দেশ গড়তে চাই। আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করলে আমরা সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত শান্তিময় সমাজ উপহার দেব।”
কৃষকদের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, কৃষকরা যেন রাসায়নিক সার পেতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে জন্য স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি জলাশয় ও পুকুরপাড়ে বসবাসরত মৎস্যজীবীদের স্বার্থ রক্ষায় বিশেষ উদ্যোগ নেওয়া হবে এবং মাছ চাষের ব্যয় কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
নাচোল উপজেলা জামায়াতের আমির প্রভাষক ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির আবুজার গিফারী, জেলা সহকারী সেক্রেটারি ইয়াহ্ইয়া খালেদ, জেলা বার কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট ইসহাক, গোমস্তাপুর উপজেলা আমির ইমামুল হোদা, নাচোল উপজেলা সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, পৌর নায়েবে আমির ডা. রফিকুল ইসলাম এবং ১১ দলীয় জোটভুক্ত এনসিপি নাচোল উপজেলা শাখার সভাপতি ইলিয়াস আলী।
বক্তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে জনমত গঠনের পাশাপাশি নির্বাচনের দিন শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান।
জনসভায় নাচোল উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন। সভার সঞ্চালনায় ছিলেন নাচোল পৌর জামায়াতের আমির মনিরুল ইসলাম।
