২০ দিনে রেশম চাষ করে লাখ টাকা ঘরে তুলবেন সমরুদ্দিন

কৃষি জাতীয় ভোলাহাট উপজেলা সারা দেশ

স্টাফ রিপোর্টার: ষাটোর্ধ্ব মোঃ সমরুদ্দিন। পূর্ব পুরুষের হাত ধরে সেই ছোট কাল থেকেই জড়িত  রেশম চাষের সাথে। দীর্ঘদিন মন্দা কাটিয়ে নানা চড়াই উৎরাই পেরিয়ে চলছে তাঁর রেশম চাষ। ফলনের উত্থান পতন থাকলেও এবার আশার আলো দেখছেন তিনি। চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার চরধরমপুর গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে রেশম চাষি মোঃ সমিরুদ্দিনের সংসার জুড়ে ৮ জনের বসবাস। ইতিমধ্যেই মেয়েদের রেশম চাষ শিখিয়ে বিয়ে দিয়েছেন। এখন সংসারে রয়েছেন ৫ জন। নিজেকে স্বাবলম্বী করতে হাল না ছাড়া সমরুদ্দিন বছরে রেশমের চারটি ক্রোপেই ( বন্দ) রেশম পালন করেন। এবারো জৈষ্ঠ্য ক্রোপে( বন্দ) তিনি ৫’শ থেকে ৬’শ উন্নত জাতের ডিম নিয়ে  পলু পালন করছেন। সমরুদ্দিনের সাথে কথা হয় তাঁর পলু পালনের আদর্শ ঘরের বারান্দায়। তিনি জানান, আমি আমার পূর্বপুরুষের হাত ধরে রেশম চাষ করে আসছি। বছরে চারটি ক্রোপ এর মধ্যে জৈষ্ঠা ক্রোপে(বন্দ) ৫’শ থেকে ৬’শ ডিমে পলু পোকা পালন করে মোট ৬ মণ গুঠি উৎপাদন হবে আশা করছি।  তিনি বলেন, প্রায় ২০দিন সময় লাগবে পলু পোকা থেকে গুঠি হতে। এতে মোট খরচ হবে মাত্র ২৫ হাজার টাকা। আয় হবে প্রায় ১ লাখ টাকার উপরে। তিনি বলেন, আমার এখানে এলাকার প্রায় ৭/৮ জন অসহায় বিধবা নারী আমার এখানে কাজ করেন। তাদের খাওয়াসহ সম্মানি দেওয়া হয়। সমরুদ্দিন আরো বলেন, সরকারের আন্তরিক সহযোগিতায় এবং দায়িত্বরত উপ-পরিচালক মোঃ তরিকুল ইসলাম আমাদের রেশম চাষিদের বাড়ি বাড়ি উপস্থিত হয়ে ভালো ফলন পেতে করণিয় বিষয়ে পরামর্শ প্রদান করেন। তিনি বলেন ডিম থেকে পোকায় রূপান্তরিত হয়ে এখন গুঠি হয়ে গেছে। মাত্র ২০ দিনে রেশম চাষ করে লাখ টাকা ঘরে তুলতে পারার আশায় আমিসহ পরিবারের সবার মুখে হাসি ফুটেছে। তিনি বলেন, ভোলাহাট উপজেলার প্রায় রেশম চাষি জৈষ্ঠা ক্রোপে ভালো ফলন পাবেন।

ভোলাহাট জোনাল রেশম সম্প্রসারণের উপ-পরিচালক মোঃ তরিকুল ইসলাম বলেন, আমি রেশম চাষিদের বাড়ি বাড়ি গিয়ে রেশম চাষের খোঁজ খবর রাখি। ভালো ফলন পেতে বিভিন্ন প্রকার পরামর্শ প্রদান করি। এবার বাম্পার ফলনের আশায় মোঃ সমিরুদ্দিনসহ অন্যান্য রেশম চাষিরা আশায় বুক বেঁধে আছেন।

তিনি আরো বলেন, রেশম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রেশম চাষিদের  উন্নত জাতের জীবাণু মুক্ত ভালো ডিম সরবরাহ করি। এছাড়াও উঠান বৈঠকের মাধ্যমে নিয়মিত পরামর্শ প্রদান করার কারণে রেশমের বাম্পার ফলন আশা করা যাচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *