স্টাফ রিপোর্টার:চাঁপাইনবাবগঞ্জের ভোলহাট উপজেলার যাদুনগর জামে মসজিদে টানা ৩৪ বছর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন শেষে বিদায় নিয়েছেন মাওলানা আজিমউদ্দিন।
দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে তিনি মসজিদে নামাজ পরিচালনা, জুমার খুতবা প্রদান এবং ধর্মীয় শিক্ষা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার বিদায়ে এলাকাবাসী ও মুসল্লিদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বিদায় উপলক্ষে মসজিদ প্রাঙ্গণে দোয়া ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মসজিদ কমিটির নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। বক্তারা মাওলানা আজিমউদ্দিনের সততা, নিষ্ঠা ও দীর্ঘদিনের ধর্মীয় সেবার প্রশংসা করেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানে মাওলানা আজিমউদ্দিন বলেন, “আল্লাহর অশেষ রহমতে ৩৪ বছর এই মসজিদে দ্বীনের খেদমত করার সুযোগ পেয়েছি। সকলের দোয়া ও ভালোবাসা আমি আজীবন স্মরণ রাখব।”
অনুষ্ঠানের শেষে তার সম্মানে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিত মুসল্লিরা তাকে শুভেচ্ছা এবং তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান।
