গোমস্তাপুরে ধানক্ষেত থেকে শিশুর লাশ উদ্ধার

গোমস্তাপুর উপজেলা

ব্যুরো প্রধান, গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় নিখোঁজ থাকা শিশু শরিফা খাতুন নামের এক কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার(৫ এপ্রিল )বিকালে উপজেলার আলিনগর ইউনিয়নের বিজলি পাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শরিফা খাতুনের বয়স ৬ বছর।সে একই উপজেলার বাংগাবাড়ি ইউনিয়নের যোগিবাড়ি গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।

এঘটনায় পুলিশ গোমস্তাপুর থানার বোয়ালিয়া ইউনিয়নের লালাপুর গ্রামের ইব্রাহিমের ছেলে ও নিহতের দুলাভাই অন্তরকে আটক করেছে। গত শুক্রবার গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নের মকরমপুরে এলাকা থেকে নিখোঁজ হয়েছিলো শরিফা । এঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি করেছিলেন নানা আব্দুল করিম (৬৫)। ওই সাধারণ ডাইরিতে উল্লেখ করেন, তার নাতনী শুক্রবার বিকাল ৩ থেকে ৪টার মধ্যে তার মেয়ের বাড়ির পাশ্ববর্তী মকরমপুর এলাকা থেকে নিখোঁজ হয়।

স্থানীয়রা জানান, আলিনগর ইউনিয়নের মকরমপুরে শুক্রবার রাতে তাফসির মাহফিলের আয়োজন ছিলো। সেই তাফসির মাহফিল শুনার জন্য নানার সাথে এসেছিলো শিশু শরিফা। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, শিশু নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়রির সূত্র ধরে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের দুলাভাই অন্তরকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী আলিনগর ইউনিয়নের বিজলি পাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *