স্টাফ রিপোর্টার,পাবনা : পাবনার বেড়া এলাকায় সরকারি দপ্তরে হামলা ও ভাঙচুর করায় কতৃপক্ষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অভিযোগ উঠেছে, সাঁথিয়া উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব লিখন মোল্লার নেতৃত্বে একদল দুর্বৃত্ত পানি উন্নয়ন বোর্ড-এর বেড়া কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর চালায়। এছাড়াও প্রকৌশলীদের প্রাণনাশের হুমকি দেওয়ায় কার্যালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ঘটনাটি ঘটে ১ মার্চ । সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারি নিয়মনীতি ও টেন্ডার প্রক্রিয়া উপেক্ষা করে সরাসরি ঠিকাদারি কাজ দেওয়ার অবৈধ দাবিতে নির্বাহী প্রকৌশলী জাহিদের অফিসে প্রবেশ করে হামলাকারীরা ভাঙচুর চালায়। অফিস কক্ষের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত করা হয় বলে অভিযোগ রয়েছে। সিসি টিভি ফুটেজে সব সত্যতা পাওয়া যায়।
এ সময় উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডি) হায়দার আলী ও উপ-সহকারী প্রকৌশলী (এসও) হাবীবকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, তাদের ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং কাজ না দিলে পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
সরকারি দপ্তরে এ ধরনের প্রকাশ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
তবে এ ঘটনায় এখনো পর্যন্ত মামলা দায়ের হয়েছে কিনা, তা স্পষ্ট নয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
