স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে এবং স্থানীয় পর্যায়ে প্রচার-প্রচারণা জোরদার করতে স্থানীয় অংশীজনদের সাথে এক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
“অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে” শ্লোগানে ২২ সেপ্টেম্বর বেলা দশটার দিকে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আয়োজনে ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চুটু। প্রকল্পের উপজেলা কো অর্ডিনেটর সন্ধ্যা রানীর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন, সভার সভাপতি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চুটু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জ্যেষ্ঠ সাংবাদিক মোঃ গোলাম কবির, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মোঃ মেনুয়ার জাহান, ইউনিয়ন পরিষদ সদস্য মাজহারুল ইসলাম পুতুল, সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুল বারি, মোঃ মোস্তাকিম, মোঃ আব্দুর রাজ্জাক, আনারুলসহ অন্যরা।
সভায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ের ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালত অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করছে। সাধারণ মানুষের মধ্যে গ্রাম আদালতের সেবা ও সুবিধা পৌঁছে দিতে এবং সচেতনতা বৃদ্ধিতে ব্যাপক প্রচার-প্রচারণার ওপর জোর দেন অতিথিরা। উল্লেখ্য সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমাজসেবক, ইউনিয়ন পরিষদ সদস্য,সাংবাদিক উপস্থিত ছিলেন।
